রায়হান রাফীর আলোচনায় থাকা সিনেমা ‘নূর’ এখন মুক্তির দুয়ারে। এর প্রথম গান ‘স্বপ্ন’ প্রকাশ পেয়েছে মঙ্গলবার সন্ধ্যায়।
গানের কথায় আছে প্রেমের অপেক্ষা, হারানোর ভয়, আর নিঃশব্দ এক যাতনা। সেই আবেগকে জীবন্ত করে তুলেছেন আরিফিন শুভ ও জন্নাতুল ফেরদৌস ঐশী। গানে গানে রোমান্টিক জুটি হয়ে হাজির হয়ে। দুজনের চুম্বনের মিষ্টি দৃশ্যও দর্শকের নজর এড়ায়নি।
গানটি প্রকাশের পর থেকেই দারুণ সাড়া পাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে গানের অংশ, আর অনুরাগীরা শুভ-ঐশীর রসায়ন নিয়ে উচ্ছ্বসিত মন্তব্য করছেন।
এর আগে, জল্পনা বাড়িয়েছিল ২৫ নভেম্বরের দুটি পোস্ট। শুভ তার সোশ্যাল মিডিয়ায় ঐশীর সঙ্গে ছবি দিয়ে লিখেছিলেন, ‘তোরে এত ভালোবাসি আর বলব কতবার… যদি হারাস একটিবার মরে যাব শতবার।’
একই সময়ে ঐশীও শুভর সঙ্গে ছবি দিয়ে রোমান্টিক লাইন পোস্ট করেন। দুই তারকার পোস্ট তখনই ভাইরাল হয়ে যায়, আর অনেকে ধরে নেন তারা নাকি বাস্তবেও সম্পর্কে জড়িয়েছেন।
তবে সব রহস্য উদঘাটিত হলো ‘স্বপ্ন’ গান প্রকাশ্যে আসায়। এ গানে শুভ তার হৃদয়ের আবেগ প্রকাশ করেছেন ঐশীর প্রতি।
গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, কথায় শফিক তুহিন।
পরিচালক রায়হান রাফী বলছেন, ‘নূর’ মূলত এক ভিন্নস্বাদের প্রেমের গল্প। পুরো ছবিজুড়ে শুভ ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশীর অনস্ক্রিন কেমিস্ট্রি দেখার অপেক্ষায় থাকবেন দর্শক।
শিগগির সিনেমাটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে।


