চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।
বুধবার রাতে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য বুধবার রাত পৌনে ১২টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে বোর্ডের পরামর্শেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে গত ২৮ আগস্ট নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়া।
দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপির চেয়ারপারসন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য এর আগে ২০১৭ সালের ১৬ জুলাই লন্ডনে গিয়েছিলেন। পরের বছর দুর্নীতির মামলায় দণ্ড পেলে কারাগারে যেতে হয় তাকে। ২০২০ সালে কোভিড মহামারি দেখা দিলে আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়াকে মুক্তি দেয়। এতে তিনি বাড়িতে থাকার সুযোগ পেলেও পরিবারের বারবার অনুরোধের পরও সরকারের পক্ষ থেকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।
ছাত্র-জনতার অভ্যূত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর মুক্তি পান খালেদা জিয়া। কারামুক্তির পাঁচ মাস পর ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি।
সেখানে লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসার পর ২৫ জানুয়ারি ছেলে তারেক রহমানের লন্ডনের বাসায় বিশেষজ্ঞ চিকিৎসক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন খালেদা জিয়া।
চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া। দেশে আসার পর নিজের বাসা ফিরোজাতেই এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে একটি মেডিকেল বোর্ডের অধীন তার চিকিৎসা চলছিল।


