নিউইয়র্কে হামলা: প্রশ্নবিদ্ধ প্রবাসের রাজনীতি ও প্রটোকল

নিউইয়র্কে হামলা: প্রশ্নবিদ্ধ প্রবাসের রাজনীতি ও প্রটোকল
নিউইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরের বাইরে স্থানীয় আওয়ামী লীগ নেতারা এনসিপি নেতা আখতারকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের দিকে ডিম ছুড়ে মারার ঘটনায় সারা বিশ্বে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রশ্নবিদ্ধ হয়েছে প্রবাসে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ও শিষ্টাচার।

এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তার সফরসঙ্গী পাঁচ রাজনৈতিক নেতাকে বিমানবন্দরে আওয়ামী লীগের বিক্ষোভের মুখে ফেলে ভিভিআইপি প্রটোকল নিয়ে নিরাপদে চলে যাওয়াকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশিরা। এ নিয়ে তাদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও হতাশা।

নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার বিকাল ৩টা ১১ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়তের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ অন‍্যান‍্য নেতাদের নিয়ে এমিরেটসের বিশেষ ফ্লাইটটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টা প্রটোকল নিয়ে জাতীয় নেতাদের বিমানবন্দরে রেখে আগেই বের হয়ে যান।

এর কিছুক্ষণ পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ তাহের, এনসিপি নেতা আখতার এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা কোনো প্রটোকল ছাড়াই বিমানবন্দর থেকে বের হন।

বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনাল দিয়ে বের হওয়ার পরপরই সেখানে আগে থেকে ওত পেতে থাকা আওয়ামী লীগের কিছু নেতাকর্মী রাজনৈতিক নেতাদের ঘেরাও করে। এক পর্যায়ে তারা বিএনপি মহাসচিব, এনসিপির নেতাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে ও এনসিপি নেতা আখতার হোসেনের দিকে ডিম ছুড়ে মারে। আওয়ামী লীগের লোকজন এনসিপি নেত্রী তাসনিম জারার সঙ্গেও অশোভন আচরণ করে।

নিউইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরে মির্জা ফখরুলসহ রাজনৈতিক নেতাদের স্বাগত জানায় স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা। ছবি: ভিডিও থেকে নেওয়া

‘সরকারের অবহেলা সুস্পষ্ট’ 

এর প্রতিক্রিয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দুষছেন বাংলাদেশ সরকারকে। তারা বলছেন, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের ছয়জন নেতাকে রাষ্ট্রীয় অতিথি করে যুক্তরাষ্ট্রে আনা হয়েছে। অথচ সরকারের পক্ষ থেকে নিউইয়র্কে নেতাদের কোন রকম প্রটোকল বা নিরাপত্তা ব্যবস্থাই করা হয়নি। যে কারণে তারা সহজেই টার্গেট হয়েছেন  বিক্ষোভের।

বিএনপি নেতাদের অভিযোগ, এক্ষেত্রে সরকারের অবহেলা সুস্পষ্ট।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সোমবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘নিউইয়র্কের কনস্যুলার অফিস সঠিকভাবে বিষয়টি সমন্বয় করতে পারেননি। যার ফলে এ অনাকাঙ্খিত ঘটনা ঘটে।’

বিএনপির চেয়ারপার্সনের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি  বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, ‘লস এঞ্জেলেস ও ফ্লোরিডা কনস্যুলেটে ক্যাডার অফিসার ও অন্যান্য কর্মকর্তা থাকার পরেও প্রধান উপদেষ্টাসহ আগতদের স্বাগত জানানো হয়নি।’

আরও পড়ুন

‘নিরাপত্তা বেষ্টনী না থাকায় জাতীয় নেতারা লাঞ্চিত ও অপমানিত হয়েছেন,’ বলেন তিনি।

নিউইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরের বাইরে স্থানীয় আওয়ামী লীগ নেতারা এনসিপি নেতা আখতারকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপির চেয়ারপার্সনের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য গোলাম ফারুক শাহিন বলেন, ‘বাংলাদেশ সরকার নেতাদের পর্যাপ্ত নিরাপত্তা না দেওয়ার কারণেই তারা বিব্রতকর অবস্থায় পড়েছেন। ঢাকডোল পিটিয়ে নেতাদের যুক্তরাষ্ট্রে এনে সরকার সবাইকে অপমানিত করেছেন। সোমবারের ঘটনার দায় সরকারকেই নিতে হবে।’

এদিকে দলীয় মহাসচিবকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারা বিএনপিরই ব্যর্থতা বলেও

মনে করেন অনেক নেতাকর্মী। তারা বলছেন, বিমানবন্দরে বিএনপির অন্তত পাঁচশ’ নেতাকর্মী উপস্থিত ছিলেন। কিন্তু এরমধ্যেই জাতীয় নেতাদের অপমান সহ্য করতে হলো। জামায়াত তাদের নেতাদের নিরাপত্তা দিয়ে নিয়ে যেতে পারলেও বিএনপির ব্যর্থতা এক্ষেত্রে ‍দৃশ্যমান।

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্র বিএনপির এক নেতা বলেন, ‘আমরা সকাল থেকেই বিমানবন্দরে অপেক্ষা করছিলাম। কিন্তু দলের সমন্বয়ের অভাবে এমন দুঃখজনক ঘটনা ঘটল।’

নিউইয়র্কে এনসিপি নেতা আখতারকে ডিম নিক্ষেপের ঘটনায় যুবলীগ কর্মী মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

যুবলীগ নেতা মিজান আটক

এনসিপি নেতা আখতারের দিকে ডিম ছোড়ার ঘটনায় যুবলীগ কর্মী মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিএনপির কর্মীকে ছুরি দিয়ে মারার অভিযোগও রয়েছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে রাজনৈতিক নেতাদের নিয়ে আখতার নিউইয়র্কে পৌঁছে বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় স্থানীয় সময় সোমবার বিকাল ৫টার দিকে অভিযুক্ত মিজান আখতারের দিকে ডিম ছোড়েন।

এ ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে কালো গোল টুপি ও কালো শার্ট পরা অভিযুক্ত যুবলীগ কর্মী মিজানকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

এ দিন রাতে জ্যাকসন হাইটস নবান্ন রেস্তোরাঁর সামনে থেকে তাকে হাতকড়া পরিয়ে আটক করে নিয়ে যাওয়া হয়।

নিউইয়র্কে হামলার পর এনসিপি নেতা আখতার সাংবাদিকদের বলেন, ‘আমরা ভয় পাই না।’ ছবি: ভিডিও থেকে নেওয়া

‘আমরা ভয় পাই না’

এদিকে, নিউইয়র্কে ওই হামলার পর এনসিপি নেতা আখতার হোসেন এক ভিডিও বার্তায় বলেন, ‘হাসিনার গুলি-বুলেটকে বিন্দুমাত্র ভয় পাইনি, ভাঙা ডিমে কিই-বা আসে যায়! আমরা কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, করবো না। “খুনি হাসিনার” বিচার বাংলার মাটিতেই হবে, ইনশাআল্লাহ।’

এ দিন রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আগেও করেছে। এর আগেও প্রবাসে উপদেষ্টাদের ওপর তারা এমন আক্রমণ করার চেষ্টা করেছে। দেশেও আমরা আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে থাকি। এসবে আমরা ভয় ভাই না।’

অনাকাঙ্ক্ষিত ঘটনা: প্রেস সচিব

এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার স্থানীয় সময় রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ বিষয়টি আমাদের কনস্যুলেট এবং ফরেন মিনিস্ট্রি দেখবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর