বাধা এলেও ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা

বাধা এলেও ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সাতটি রাজনৈতিক দল ও হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে বৈঠক শেষে ফটোসেশনে অংশ নেন। ছবি: পিআইডি
Advertisement
Advertisement

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, বাধা সৃষ্টি করা হলেও ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অত্যন্ত জরুরি।’

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন।

প্রেস সচিব শফিকুল আলম বৈঠক শেষে জানান, প্রধান উপদেষ্টা বলেন, ‘এবারের নির্বাচন আনন্দমুখর পরিবেশে হবে। যারা জীবনে কখনো ভোট দিতে পারেননি, তাদের জন্য ভালো অভিজ্ঞতা দিতে হবে। যারা পূর্বে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, তাদেরও ভালো অভিজ্ঞতা দিতে হবে। কেউ যেন বলতে না পারে যে, তাকে ভোট দিতে দেয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘যারা অন্তর্বর্তী সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা যতভাবে পারবে ততভাবে বাধা দেয়ার চেষ্টা করবে। কিছু লক্ষণ ইতোমধ্যে দেখা যাচ্ছে, ভবিষ্যতে আরও সমস্যার মুখোমুখি হতে হতে পারে, তবে আমাদের চেষ্টা থাকবে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার।’

আরও পড়ুন

প্রধান উপদেষ্টা দৃঢ়ভাবে জানান, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে।

তিনি নির্বাচনী পরিবেশ তৈরি করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, ‘এটি কেবল অন্তর্বর্তী সরকারের নির্বাচন নয়, বরং দেশের সকল মানুষের, সকল রাজনৈতিক দলের নির্বাচনের সুযোগ। এটি ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণের নির্বাচন।’

বৈঠকের পর, প্রধান উপদেষ্টা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সহধর্মিনী মারিয়া আক্তার, সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন নূরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাতে।

প্রধান উপদেষ্টা এই নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, ‘প্রতি পদে পদে বাধা আসবে, সবার মনে দ্বন্দ্ব তৈরির চেষ্টা হবে। আমাদের সঠিক থাকতে হবে, স্থির থাকতে হবে এবং একসঙ্গে সহযোগিতা করতে হবে।’

তিনি দুর্গাপূজার সময়ও সতর্ক থাকার পরামর্শ দেন, ‘সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়।’

বৈঠকে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ অংশগ্রহণ করেছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর