জুলাই অভ্যুত্থানে রাজধানীর রাজপথে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কাঁধ মিলিয়েছিলেন মাদ্রাসার ছাত্ররাও। যাত্রাবাড়ীর সড়ক সেদিন ভিজে গিয়েছিল তাদের রক্তে। সেই আত্মত্যাগকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করতে এবারই প্রথম পালিত হচ্ছে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে- ২০২৫’।
সোমবার যাত্রাবাড়ীর ইবনে সিনা হাসপাতালসংলগ্ন রাজপথে দিবসটি উদযাপন করবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠানমালায় থাকবে শহীদ পরিবারের স্মৃতিচারণ, আহতদের অভিজ্ঞতা এবং ২০১৩, ২০২১ ও ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-আন্দোলনের প্রামাণ্য বয়ান।
অনুষ্ঠানে আবৃত্তি করা হবে প্রতিবাদী কবিতা, পরিবেশিত হবে হামদ, নাত, নাশিদ ও দ্রোহের গান। প্রদর্শিত হবে দুটি প্রামাণ্যচিত্র—‘ছত্রিশে জুলাই’ ও ‘সাদা জোব্বা, লাল রক্ত’।
বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ড্রোন শো– ‘প্রতিরোধ ও পুনর্জাগরণের প্রতীকী উপস্থাপনা’।
অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার, আরও কয়েকজন উপদেষ্টা, সচিব, এবং শিল্প, সাহিত্য ও শিক্ষা অঙ্গনের বিশিষ্টজনেরা।


