ঢাকা নাইটিঙ্গেলের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাকা নাইটিঙ্গেলের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ঘর নির্মাণে আর্থিক সহায়তা, বৃদ্ধাশ্রমে হুইলচেয়ার দেওয়া এবং নারী ও শিশুদের স্বাস্থ্যসেবায় অবদান রাখার মধ্য দিয়ে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল।

বুধবার রাজধানীর পাম ভিউ রেস্টুরেন্টে ক্লাবটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সমাজসেবামূলক কার্যক্রমের পাশাপাশি সদস্যদের অংশগ্রহণে আনন্দ আয়োজন, ফান অ্যান্ড ফেলোশিপ এবং র‍্যাফল ড্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮-এর চেয়ারম্যান শামীম খন্দকার। এ ছাড়া জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট ও সংগঠনটির সদস্যরা অংশ নেন। ক্লাব ভিজিটের অংশ হিসেবে চেয়ারম্যান সংগঠনটির চলমান কার্যক্রম ও সমাজসেবামূলক উদ্যোগ পরিদর্শন করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় ও গৃহহীন মানুষের ঘর নির্মাণে আর্থিক সহায়তা এবং একটি বৃদ্ধাশ্রমে হুইলচেয়ার প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরা হয়। এ ছাড়া সারা বছর আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালে জরায়ুমুখের ক্যানসার ও হেপাটাইটিস বি প্রতিরোধী টিকা অনুদান দিয়ে থাকে ক্লাবটি। পাশাপাশি আজিমপুর মাতৃসদন হাসপাতালে মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করতে পুষ্টিব্যাগ ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী প্রদান করে আসছে সংগঠনটি।

আরও পড়ুন

স্বাস্থ্যসেবা, পুষ্টি ও সামাজিক সুরক্ষার মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানায় ক্লাব কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে শামীম খন্দকার বলেন, ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেলের সাত বছরের পথচলা নারী নেতৃত্ব, মানবিক মূল্যবোধ ও সমাজসেবার প্রতি অঙ্গীকারের একটি সুন্দর উদাহরণ। অসহায় মানুষের জন্য ঘর নির্মাণে সহায়তা, বৃদ্ধাশ্রমে হুইলচেয়ার প্রদান এবং নারী ও শিশুদের স্বাস্থ্যসেবায় অবদান রাখার মতো উদ্যোগগুলো সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের বন্ধন অটুট রেখে ক্লাবটি ভবিষ্যতেও মানবকল্যাণে কার্যক্রম অব্যাহত রাখবে।

ক্লাবটির প্রেসিডেন্ট মারুফা জামান কলি বলেন, ‘প্রতিষ্ঠার সাত বছরে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হলো মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি করা। আমরা বিশ্বাস করি, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সম্মিলিত ছোট ছোট উদ্যোগও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। বিশেষ করে নারী, শিশু, প্রবীণ ও অসহায় মানুষের জন্য কাজ করার মধ্য দিয়ে আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করতে চাই।’

ইনার হুইল একটি আন্তর্জাতিক নারীভিত্তিক সেবামূলক সংগঠন। বিশ্বের বিভিন্ন দেশে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। নারী ও শিশুসহ সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পুষ্টি ও পরিবেশ উন্নয়নের পাশাপাশি পারস্পরিক বন্ধুত্ব, সহযোগিতা ও মানবিক মূল্যবোধ জোরদারে কাজ করে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad