কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ শান্ত (১৫) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শান্ত ঢাকার কেরানীগঞ্জের একটি স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ঢাকার কেরানীগঞ্জ থেকে ১৫ থেকে ১৬ জন মাদ্রাসাছাত্রের একটি দল ইনানী সৈকতে বেড়াতে আসে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তারা সাগরে গোসল করতে নামে। একপর্যায়ে স্রোতের টানে কয়েকজন শিক্ষার্থী ভেসে যেতে থাকে। এ সময় ঘটনাস্থলে থাকা অন্য পর্যটকেরা তাদের উদ্ধারে এগিয়ে আসেন। তাদের সহায়তায় কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হলেও একজন স্রোতে ভেসে যায়।
ওসি আরও বলেন, পরে সৈকতের কর্মীদের সহায়তায় স্থানীয় লোকজন সাগরে ভাসমান অবস্থায় শান্তকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে। উদ্ধার করা শিক্ষার্থীর মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


