ভোটের প্রস্তুতিতে ‘মহড়ার’ নির্দেশ

ভোটের প্রস্তুতিতে ‘মহড়ার’ নির্দেশ
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নির্বাচনের আগে সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে অন্তত দুটি মহড়া দিতে বলা হয়েছে। একটি মহড়া হবে সেপ্টেম্বরে, অন্যটি নির্বাচনের ঠিক আগে।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে-এমনটা ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুতি নিতেও নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

একজন উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, নির্বাচনে সহিংসতা হবে, এটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে হবে। সরকারের যেসব সংস্থা নির্বাচনের সঙ্গে যুক্ত থাকে, তাদের সবার সমন্বয়ে দুটি মহড়া দিতে হবে, যাতে সহিংসতা কমানো বা এড়ানো যায়।

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে ডাকাতির সংখ্যা বেড়েছে। এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

এ সময় প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী বলেন, ধর্ষণের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বসহকারে নিচ্ছে না। ধর্ষণের ঘটনা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অনেক ধর্ষণের ঘটনা গণমাধ্যমে আসে না। যেগুলো গণমাধ্যমে আসে, আইনশৃঙ্খলা বাহিনী সেসব ঘটনা গুরুত্বসহকারে নিয়ে থাকে।

আরও পড়ুন

এর বাইরে অনেক ধর্ষণের ঘটনা ঘটে। সেসব ঘটনাও গুরুত্বসহকারে নিতে হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ধর্ষণ বন্ধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া প্রায় দেড় হাজার আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় আলোচনা হয়। এ সময় র‌্যাবের পক্ষ থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণার প্রস্তাব দেওয়া হয়।

এ বিষয়ে সবার আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকার পুরস্কার ঘোষণা করবে। যেহেতু পুরস্কারের বিষয়, তাই এ বিষয়ে প্রধান উপদেষ্টার সম্মতি লাগবে। অস্ত্র উদ্ধার করবে বিজিবি ও র‌্যাব।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অবশ্য এসব বিষয়ে কোনো বক্তব্য দেননি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে ম্যাগাজিন পাওয়ার ঘটনা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটা হয়তো জাস্ট একটা ভুল।’

মরক্কোর মারাকেশে ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে’ অংশ নিতে রোববার ভোরে আসিফ মাহমুদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশত্যাগ করেন। ভোরে বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় তার ব্যাগে ম্যাগাজিন থাকার বিষয়টি ধরা পড়ে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad