বন্ধ্যাত্ব চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে দক্ষ চিকিৎসক তৈরির উদ্যোগ

বন্ধ্যাত্ব চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে দক্ষ চিকিৎসক তৈরির উদ্যোগ
সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

দেশে বন্ধ্যাত্বের চিকিৎসার সুযোগ বাড়িয়ে রোগীদের বিদেশমুখিতা কমাতে ঢাকা মেডিকেল কলেজের ইনফার্টিলিটি সেন্টারে আধুনিক যন্ত্রপাতি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আগামী বাজেটেই এ উদ্যোগ বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান। পাশাপাশি বন্ধ্যাত্ব চিকিৎসায় দক্ষ চিকিৎসক তৈরিতে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী।

রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজের রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি ইউনিটে পলিসিস্টিক ওভ্যারি সিনড্রোম (পিসিওএস) সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, ‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। বন্ধ্যাত্বের চিকিৎসাও গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবার অংশ। কোনো দম্পতি সন্তান জন্ম দিতে না পারলে অনেক সময় সামাজিক কটূক্তি ও হয়রানির শিকার হন। চিকিৎসার মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব হলে এ ক্ষেত্রে পিছিয়ে থাকার কোনো কারণ নেই।’

দেশে বন্ধ্যাত্বের চিকিৎসায় রোগীদের বিদেশমুখী প্রবণতা কমানোর ওপর গুরুত্ব দেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের মেধাবী চিকিৎসকেরা সক্ষম হলেও অনেক রোগী ভারত ও থাইল্যান্ডে চিকিৎসা নিতে যান। এতে বিপুল বৈদেশিক মুদ্রা দেশের বাইরে চলে যায়।’

আরও পড়ুন

বিদেশের সমমানের চিকিৎসা দেশে সম্ভব, এমন আস্থা তৈরির জন্য বন্ধ্যাত্ব চিকিৎসা বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে জেলা ও গ্রাম পর্যায়েও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার কথা বলেন মন্ত্রী।

বন্ধ্যাত্বের সমস্যায় থাকা নারী ও তাদের দেশে চিকিৎসা নিতে উৎসাহিত করা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শতকরা ৮০টি ক্ষেত্রেও যদি আমরা সফল হই, সেটিই দেশের জন্য বড় সাফল্য।’

বন্ধ্যাত্বের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের প্রশংসা করে তিনি বলেন, তাদের সহযোগিতা পেলে প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবেন।

সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক মুসারাত সুলতানা। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আ ন ম বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. মাজহারুল শাহীন এবং ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad