আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ।
হারের রেশ কাটতে না কাটতেই আলোচনায় জাতীয় দলের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা।
ইন্দোনেশিয়ার এলেনা নামের এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সঙ্গে নাইট ক্লাবের একটি ছবি প্রকাশ করেছেন। ছবিটি ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক।
সাদ ও সোহেল দুজনই দাবি করেছেন, ছবিটি নেপালে তোলা হয়েছিল, ইন্দোনেশিয়ায় নয়। মোহামেডান স্পোর্টিং ক্লাবে চুক্তিবদ্ধ হওয়ার পর জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে নেপালে বেড়াতে গিয়েছিলেন তারা। সে সময়ই ওই নারীর সঙ্গে পরিচয় এবং ছবি তোলা হয়েছিল বলে জানিয়েছেন দুই ফুটবলার।
সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে এলেনা লিখেছেন, বাংলাদেশের দুই ফুটবলারের সঙ্গে একটি ক্লাবে তার দেখা হয়েছিল। বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচ দেখতে তারা আমন্ত্রণও জানিয়েছিলেন।
সাদ জানান, নেপালেই ওই নারীর সঙ্গে পরিচয় হয়েছিল। জাকার্তায় যাওয়ার পর ম্যাচ দেখতে আসার আমন্ত্রণ জানালেও তিনি আসেননি।
ছবিটি নিয়ে সোহেল রানা দুঃখ প্রকাশ করে বলেন, কাজটি ঠিক হয়নি।
সাদ বলেন, ‘জাতীয় দল কিংবা ক্লাবের কোনো খেলা বা ক্যাম্প না থাকলে ফুটবলারদেরও ব্যক্তিগত জীবন থাকে। ঘটনার আগে-পরে কী ছিল, সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।’
সাদ উদ্দিন এর আগেও শৃঙ্খলাজনিত ঘটনায় শাস্তি পেয়েছিলেন। ম্যাচ কমিশনারকে ধাক্কা দেওয়ার ঘটনায় তাকে প্রথমে ছয় মাসের জন্য বহিষ্কার করা হলেও পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি শাস্তি কমিয়ে ছয় ম্যাচ করে। তাতে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান তিনি।


