চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণের পর অভিযান চালিয়ে আরও ১১টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় দুপুর ১২টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন এসব তথ্য জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়া ও শেখপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে বেশ কিছুদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল। এরইমধ্যে শুক্রবার সকালে কবিরাজপাড়া এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আব্দুল ওদুদ ও জালাল উদ্দীনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। সম্প্রতি এ বিরোধ আরও তীব্র হয়েছে। সংঘাতের প্রস্তুতি হিসেবে এসব ককটেল মজুত করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।
ওসি একরামুল হোসাইন বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে ১১টি ককটেল উদ্ধার করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। বর্তমানে এলাকার পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে।


