ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর দেড়টার দিকে নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ নগরীর বাইপাস সড়কের বাংলাদেশ ব্যাংকের অদুরে পূর্ব গন্ড্রপা এলাকায় পৌঁছলে মুক্তাগাছা থেকে ময়মনসিংহ বাইপাসগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়।
এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন নারী ও এক শিশুসহ সাতজনের মৃত্যু হয়। নিহতরা সকলেই সিএনজির যাত্রী। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।
ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফায়ার সার্ভিসের একটি দলও ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করছে। মরদেহগুলো উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
তিনি জানান, দুর্ঘটনার কারণে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দুর্ঘটনা ঘটানো বাসটি জব্দ করেছে, তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।
নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


