রাঙ্গামাটির বনরুপা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক সানু মহাজনের বিরুদ্ধে চিকিৎসক না হয়েও ডাক্তার সেজে রোগী দেখার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী এক রোগীর স্বজন সুমিতা চাকমা এই অভিযোগ তুলেছেন।
সুমিতার ভাষ্য অনুযায়ী, গত শুক্রবার সকালে ঝর্ণা চাকমা নামের এক রোগীকে বনরুপা ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক সমর সেন ত্রিপুরাকে দেখানোর জন্য নিয়ে যান।
চিকিৎসকের অপেক্ষায় থাকার সময় ব্যবস্থাপক সানু মহাজন রোগীকে ব্যক্তিগত চেম্বারে ডেকে নেন এবং কান, নাক, মুখ ও ঘাট পরীক্ষা করে সমস্যার কথা জানতে চান। নিজের পরিচয় জানতে চাইলে সানু নিজেকে মেডিসিনের চিকিৎসক হিসেবে পরিচয় দেন বলে দাবি করেন সুমিতা।
তবে এসব অভিযোগ মিথ্যা দাবি করেছেন সানু মহাজন। তিনি জানান, চিকিৎসক আসার আগে তিনি কেবল রোগীর বিভিন্ন সমস্যার কথা জানতে চেয়েছিলেন। নিজেকে মেডিসিনের ডাক্তার পরিচয় দেওয়ার দাবিটিও অস্বীকার করেন তিনি।
রোগী ঝর্ণা চাকমা জানান, চেম্বারের ভেতর ডেকে নিয়ে এক ব্যক্তি তার মুখ, কান, চোখ ও ঘাট পরীক্ষা করেন এবং সমস্যার কথা জানতে চান। তবে তিনি তাকে চিকিৎসক হিসেবে চিনতেন না।
বিষয়টি নিয়ে বনরুপা ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ পিন্টু জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন এবং সেন্টারের সবাই মিলে আলোচনার মাধ্যমে অভিযোগের সত্যতা পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
রাঙ্গামাটি ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. পরশ খীসা ও সিভিল সার্জন ডা. নূয়েন খীসা জানান, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


