সংগীতদুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ)’ ২০২৬-এ ইতিহাস গড়ার খুব কাছাকাছি পৌঁছে গেছেন মার্কিন গায়িকা টেলর সুইফট। এবারের আসরে তাকে সম্মানজনক ‘আর্টিস্ট ডিরেক্টর অনার্স’ পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, এই পুরস্কারটি পাওয়ার পর ভিএমএ আয়োজনের ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কৃত শিল্পী হবেন টেলর সুইফট।
বর্তমানে ৩০টি করে পুরস্কার নিয়ে বিয়েন্সের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন সুইফট। নতুন এই সম্মাননাটি পেলে তার পুরস্কারের সংখ্যা দাঁড়াবে ৩১টিতে। পুরুষ শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি ১৫টি পুরস্কার রয়েছে এমিনেমের। ক্যামেরার পেছনের কাজ দিয়ে যেসব শিল্পী মিউজিক ভিডিওর সম্ভাবনা বাড়িয়েছেন এবং ভিজ্যুয়ালের মাধ্যমে গল্প বলার শিল্পকে এগিয়ে নিয়েছেন, তাদের স্বীকৃতি দিতে এই নতুন পুরস্কার চালু করেছে কর্তৃপক্ষ।

লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটার থেকে দুই ঘণ্টার এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে সিবিএস ও এমটিভি, যা সঞ্চালনা করবেন স্নুপ ডগ। এ ছাড়া প্যারামাউন্ট প্লাসে এটি সরাসরি দেখার পাশাপাশি পরদিন থেকে বিশ্বজুড়ে দেখা যাবে।
এবারের আসরে সবচেয়ে বেশি ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছেন ম্যাডোনা। সাধারণ বিভাগসহ সুইফট ও ম্যাডোনা দুজনেই বিভিন্ন বিভাগে মনোনীত হয়েছেন। এর মধ্যে সুইফট নয়টি মনোনয়ন নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন। সাতটি করে মনোনয়ন পেয়েছেন আরিয়ানা গ্র্যান্ডে ও সাবরিনা কার্পেন্টার। ব্রুনো মার্স, পিংকপ্যানথেরেস ও জারা লারসন পাঁচটি করে এবং ব্ল্যাকপিঙ্কের লিসা চারটি মনোনয়ন পেয়েছেন। তিনটি করে মনোনয়ন পেয়েছেন শাকিরা, টেট ম্যাকরে, জেনারেশন ও ইয়ুং লিন।
আর্টিস্ট অব দ্য ইয়ার বিভাগে ম্যাডোনা ও সুইফটের সঙ্গে মনোনয়ন পেয়েছেন গ্র্যান্ডে, মার্স, কার্পেন্টার ও মরগান ওয়ালেন।

এবারের আসরে ২৬ জন শিল্পী প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন। এদের মধ্যে ‘স্ট্রম’ গানের জন্য যৌথভাবে মনোনয়ন পান জেনারেশন ও ইয়ুং লিন। দুটি করে মনোনয়ন পেয়েছে দক্ষিণ কোরীয় ব্যান্ড করটিস এবং ‘বস্টন’ গানের গায়িকা স্টেলা লেফটি। অন্যান্য নতুন মনোনীতদের মধ্যে রয়েছেন ডন টলিভার, কালি উচিস, নোয়া কাহান, অলিভিয়া ডিন, টাকার ওয়েটমোর ও সিয়েনা স্পাইরো।
সাত বছর পর ফিরছে সেরা ড্যান্স বিভাগ। এতে স্থান পেয়েছে ম্যাকরে, বেবে রেক্সা, ফেথলেস, হ্যারি স্টাইলস, লেডি গাগা, ডোচি, ম্যাডোনা, পিংকপ্যানথেরেস, লারসন ও স্লেয়েটারের গান।

২৩ বছর পর ভিএমএর মঞ্চে গান পরিবেশন করে অনুষ্ঠান শুরু করবেন ম্যাডোনা। এ ছাড়া গান গাইবেন জেনারেশন, ইয়ুং লিন, শাবুজি, গান্না, লিসা, রায়ে ও সিয়েনা স্পাইরো।
২০২৬ সালের ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড পাচ্ছে সংগীতদল নিরভানা। ১৩টি বিভাগে অনলাইনে দর্শকদের ভোট গ্রহণ চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। তবে নতুন শিল্পী বিভাগে সরাসরি সম্প্রচার চলাকালেও ভোট দেওয়া যাবে।


