ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাম্প্রতিক তিনটি ঘটনা তদন্তে পৃথক তিনটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ডাকসুর ‘ডিইউ ইভ্যালুয়েশন’ নামে ওয়েবসাইট চালু, ‘নির্ভীক জুলাই’ নামে দুটি স্মৃতিস্তম্ভ স্থাপন এবং সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের ছবি টানানোর ঘটনা তদন্তে এসব কমিটি গঠন করা হয়েছে।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১২(৩) ধারা অনুযায়ী কমিটিগুলো গঠন করা হয়েছে। কমিটিগুলোকে সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে। এসব প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
‘ডিইউ ইভ্যালুয়েশন’ ওয়েবসাইট চালুর বিষয়টি তদন্তে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীকে আহ্বায়ক করে ছয় সদস্যের কমিটি করা হয়েছে।
কমিটির সদস্য হিসেবে থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক। রেজিস্ট্রার সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া ‘নির্ভীক জুলাই’ নামে কলাভবনসংলগ্ন ডাকসু ভবনের পশ্চিম পাশে ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে স্মৃতিস্তম্ভ স্থাপনের বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের আরেকটি কমিটি করা হয়েছে।
এ কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)। সদস্য হিসেবে থাকবেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, আইন অনুষদের ডিন ও প্রক্টর। এস্টেট ম্যানেজার সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, ডাকসু সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহ ও আব্দুল মালেকের ছবি টানানোর ঘটনা তদন্তেও পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়কও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)। সদস্য হিসেবে থাকবেন আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও প্রক্টর। এস্টেট ম্যানেজার সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তিন কমিটির তদন্ত ও সুপারিশ পাওয়ার পর সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


