দেশজুড়ে মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ ডলারের (২৯ কোটি ৩২ লক্ষ ৮০ হাজার টাকা) চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
সোমবার সকাল সাড়ে ১০টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসা সরঞ্জাম দেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। পরে পঞ্চগড়ের সিভিল সার্জন মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন।
এসময় রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্রের এই সহায়তার মধ্যে রয়েছে নবজাতকের শরীর উষ্ণ রাখার ও শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার উপকরণ।
যুক্তরাষ্ট্রের অর্থায়নে এফএইচআই ৩৬০, জেএসসি, জাপিয়েগো, জেএসআই ও ইউনিসেফ-এর মাধ্যমে এসব সরঞ্জাম ও উপকরণ দুর্গম এলাকাসহ দেশজুড়ে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।
এই সহায়তা বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে স্বাস্থ্যব্যবস্থা সুদৃঢ় করা এবং যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতের উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখছে।
দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।
এসময় রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ছিলেন তার সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাস বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের প্রতিনিধিরা।
এর আগে, উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের প্রথম দিনে বিকাল ৫টায় তেঁতুলিয়া ডাকবাংলো পরিদর্শন করেন রাষ্ট্রদূত। সফরের দ্বিতীয় দিনে সোমবার সকালে মহানন্দ নদী ও পঞ্চগড়ের সীমান্ত এলাকা বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরোপয়েন্ট পরিদর্শন করেন তিনি।


