উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী মিসেস ডিয়ান ডাও।
সোমবার সকালে তিনি পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে পৌঁছে বন্দর এলাকা পরিদর্শন করেন এবং বাংলাদেশের জিরো পয়েন্টে ঘুরে দেখেন।
এ সময় তিনি বাংলাদেশ-ভারত সীমান্তের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ উপভোগ করেন। স্মৃতি ধরে রাখতে নিজের মুঠোফোনে ছবি তুলতেও দেখা যায় তাকে।
মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের একটি প্রতিনিধি দলও রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের সঙ্গে উপস্থিত ছিল।

বন্দর এলাকা পরিদর্শন শেষে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের উদ্দেশে রওনা হন। সেখানে হাসপাতালে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি স্বাস্থ্য খাতে অনুদান, মতবিনিময়সভায় অংশ নেওয়ার কথা রয়েছে৷
এ ছাড়া সকালে তিনি উপজেলার মহানন্দ নদীও পরিদর্শন করেন ৷
এর আগে রোববার বিকালে তেঁতুলিয়ায় আসেন ক্রিস্টেনসেন। ঐতিহাসিক জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শনের পাশাপাশি তিনি রাতযাপনও করেন।
মার্কিন রাষ্ট্রদূতের এই সফরকে ঘিরে পঞ্চগড়ের তেঁতুলিয়া, বাংলাবান্ধা স্থলবন্দর ও পঞ্চগড়ে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের মধ্যে বাড়তি প্রস্তুতি দেখা গেছে।


