টাঙ্গাইল শহরের অন্যতম বিনোদনকেন্দ্র ডিসি লেককে পরিচ্ছন্ন করে একটি মিনি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার সকালে ডিসি লেকের কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ডিসি লেক শুধু বিনোদনকেন্দ্র নয়, এটি শহরের সৌন্দর্য ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। পর্যায়ক্রমে পুরো লেক পরিষ্কার করা হবে। ডিসি লেককে একটি মিনি পর্যটনকেন্দ্র এবং সংলগ্ন চর এলাকাকে একটি বৃহৎ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ ছাড়া, লেকে মাছ চাষও করা হবে।
তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকার অনুযায়ী বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানের সঙ্গে তিনি ইতোমধ্যে স্থানগুলো পরিদর্শন করেছেন।
এর আগে, প্রতিমন্ত্রী নিজে কচুরিপানা অপসারণ কাজে অংশ নেন এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশ দেন। পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় স্বেচ্ছাসেবী ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় জেলা প্রশাসক শরীফা হক, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলমসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


