আদালতে আইভীর হাজিরা: ‘নির্দোষ হয়েও আমি অপরাধী’

আদালতে আইভীর হাজিরা: ‘নির্দোষ হয়েও আমি অপরাধী’
সেলিনা হায়াৎ আইভী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পুলিশের উপর হামলার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।

মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি জেলার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন বলে জানান তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন।

গতবছর ৯ মে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের সময় পুলিশের উপর হামলার মামলায় তাকে আসামি করা হয়।

একাধিক মামলায় হাইকোর্ট থেকে জামিনের পর গত ৩ জুন কারাগার থেকে ছাড়া পেয়ে সেদিনই গভীর রাতে বাসায় ফেরেন  আইভী। তবে এরপর তিনি জনসমক্ষে আসেননি। কারাগার থেকে মুক্তির পর মঙ্গলবার প্রথমবারের মতো মামলায় হাজিরা দিতে আদালতে আসেন।

আরও পড়ুন

হাজিরা শেষে ফেরার পথে তিনি সাংবাদিকদের সামনে বলেন, ‘নির্দোষ হয়েও আমি অপরাধী। আমি সবসময় নারায়ণগঞ্জে প্রতিবাদ করেছি। হত্যা, অত্যাচার, জুলুমের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি, আর আজকে আমিই কি অপরাধী! যাই হোক, এইটার বিচার আল্লাহ আছে, আমার নারায়ণগঞ্জবাসী আছে, তারা দেখবে।’

সংক্ষিপ্ত এ মন্তব্যের পর তিনি আবার যে গাড়িতে এসেছিলেন তাতে উঠে দেওভোগের বাড়ির পথে রওয়ানা হন। এদিন, তার অনুসারী নেতা-কর্মীদেরও সকাল থেকে আদালত চত্বরে দেখা দেয়। বিশৃঙ্খলা এড়াতে আদালতের সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মোতায়েন ছিল।

তার আইনজীবী আওলাদ হোসেন বলেন, আইভীকে গ্রেপ্তার দিন তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের দিকে নেবার পথে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সদর মডেল থানা পুলিশের দায়ের করা একটি মামলার অভিযোগপত্র গ্রহণের তারিখ ধার্য ছিল মঙ্গলবার। এ মামলায় আইভী জামিনে থাকলেও তিনি আদালতের কার্যবিধি অনুযায়ী হাজিরা দিয়েছেন।

আওলাদ হোসেন আরও জানান, আইভী শারীরিকভাবে অসুস্থ। তাই তাকে সশরীরে আদালতে হাজিরা থেকে অব্যহতি দেওয়ার আবেদন করা হয়েছে। ফলে মামলার বিচারকাজ শুরু না হওয়া পর্যন্ত তাকে আর সশরীরে আদালতে উপস্থিত হতে হবে না।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad