যুক্তরাজ্যের এসেক্স কাউন্টির ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে পানিতে ডুবে সিলেটের এক নারী ও তার মেয়ের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত এক শিশুকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
বুধবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি শেখ মনসুর রহমানের স্ত্রী শ্যালী রহমান (৪২) এবং তাদের মেয়ে সামিয়া রহমান (১৫)। তাদের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নে। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মনসুর রহমানের শ্যালিকার ছেলে মুসা আহমেদ (৯)।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্বজন শেখ মাহফুজুর রহমান মুন্না জানান, বুধবার বিকালে পরিবারটি ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে বেড়াতে যায়। এক শিশু প্রবল স্রোতে ভেসে যেতে শুরু করলে তাকে বাঁচাতে গিয়ে শ্যালী রহমান, সামিয়া রহমান ও মুসা আহমেদ স্রোতে তলিয়ে যান।
খবর পেয়ে স্থানীয় পুলিশ, এইচএম কোস্টগার্ড, রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউট (আরএনএলআই) ও এয়ার অ্যাম্বুলেন্স যৌথ উদ্ধার অভিযান চালিয়ে শ্যালী ও সামিয়ার মরদেহ এবং মুসাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। নিহতদের মরদেহ বাংলাদেশে আনার কোনো পরিকল্পনা পরিবারের নেই বলে জানানো হয়েছে।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


