পিরোজপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের মামলায় আসামি তন্ময় মিস্ত্রিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার পিরোজপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এসএম মনিরুজ্জামান এ রায় দেন। অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর রহিমা আক্তার হাসি বিষয়টি নিশ্চিত করেন।
আসামি তন্ময় মিস্ত্রি জেলার ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামের উত্তম কুমার মিস্ত্রির ছেলে।
জানা গেছে, ভান্ডারিয়া উপজেলায় গত ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি ভুক্তভোগীকে ধর্ষণ করেন তন্ময় মিস্ত্রী। ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী কিশোরীর পরিবার ভাণ্ডারিয়া থানায় মামলা করে। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচারিক কার্যক্রম শেষে আদালত আজ এ রায় দেয়।
এতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর রহিমা আক্তার হাসি। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. শওকত হোসেন।


