দেশের স্বাস্থ্যসেবা অর্থ উপার্জনকারীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অর্থ উপার্জন করা খুব সহজ। কারণ এখানে সর্বাধিক মুনাফা অর্জনের সুযোগ রয়েছে। অর্থ উপার্জনের এমন দৃষ্টিভঙ্গি থাকলে স্বাস্থ্যসেবা ব্যাহত হয়।
যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের ‘উচ্চ পর্যায়ের কর্ম অধিবেশন : প্রাথমিক স্বাস্থ্যসেবা রূপান্তর-বাংলাদেশের পরিকল্পনা’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন বলে জানিয়েছে বাসস।
মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা অত্যন্ত মৌলিক একটি বিষয় নিয়ে কথা বলছি। ওষুধ ও স্বাস্থ্যসেবা অর্থ উপার্জনকারীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। আমি বলছি না, অর্থ উপার্জনকারীরা খারাপ মানুষ। তারপরও এ সেবা শুধুমাত্র তাদের ওপর ছেড়ে দেওয়া উচিত নয়।’
কোভিড-১৯ মহামারী চলাকালে টিকা জটিলতার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, টিকা বিতরণ খুবই ভুলভাবে করা হয়েছিল। বিশ্বের ১০টি দেশ উৎপাদিত টিকার প্রায় ৮০ শতাংশই নিয়ে নিয়েছিল।
তিনি বিশ্বজুড়ে সামাজিক সমস্যা সমাধানের জন্য স্বাস্থ্যসেবা খাতে সামাজিক ব্যবসার পক্ষেও কথা বলেন।
অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, এনসিপি নেতা তাসনিম জারা ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ অংশ নেন।


