ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় পূজা উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) মামুন আহমেদ, প্রক্টর সহযোগী সাইফুদ্দীন আহমদ, সুকোমল বড়ুয়া, জগন্নাথ হল পূজা উদযাপন কমিটির সভাপতি ও হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, হলের আবাসিক শিক্ষকবৃন্দ এবং প্রক্টোরিয়াল টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপাচার্য সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সকল শ্রেণি-পেশার মানুষের আবেগের প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়ের সামাজিক দায়বদ্ধতা অনেক বেশি। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় এ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। বর্তমানে সামাজিক সম্প্রীতি ও ঐক্য বিনষ্ট করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। সকলকে ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’
তিনি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শারদীয় দুর্গোৎসব আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং সকলের সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন। উপাচার্য বলেন, ‘নিরাপদ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’


