বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘিতে এক শিশুকে কুমির টেনে নিয়ে গেছে। সোমবার রাত পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান অভিযান শুরু করেছে। ঘটনাস্থলে কর্মরত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. দুলাল হোসেন জানান, নিখোঁজ শিশুটির বয়স আনুমানিক সাত বছর।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, ‘রাতে শিশুটি দিঘির ঘাটে হাত-মুখ ধুতে বা গোসল করতে নেমেছিল। ওই সময় দিঘির একটি কুমির তাকে টেনে গভীর পানিতে নিয়ে যায়।’
শিশুর সঙ্গে অভিভাবক থাকার বিষয়ে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘শিশুটির মা সঙ্গে ছিলেন। তবে তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ হওয়ায় হয়তো বিষয়টি তাৎক্ষণিকভাবে বুঝতে পারেননি। তারা মূলত সাধারণ দর্শনার্থী নন, মাজার এলাকাতেই বসবাস করেন।’
এর আগে গত ৮ এপ্রিল মাজারের দিঘির ঘাট থেকে আরও এক ব্যক্তিকে কুমির টেনে নিয়ে গিয়েছিল। সেই ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল।


