জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে ভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ জুন দিন নির্ধারণ করেছে আদালত।
মঙ্গলবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ শামীমা আফরোজের আদালতে মামলাটির চার্জগঠন বিষয়ে শুনানির দিন ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা শুনানির তারিখ পেছানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ১৭ জুন পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ৫ জানুয়ারি আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী এবং ছেলে সোহানুরে সিয়ামের বিরুদ্ধে আলাদা তিনটি মামলা করে দুদক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আবেদ আলী জীবনের ১২টি ব্যাংক হিসাবে ২০ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ৯৭১ টাকা জমা এবং ২০ কোটি ৪১ লাখ ৩ হাজার ৭৪১ টাকা উত্তোলনের মাধ্যমে মোট ৪১ কোটি ২৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া আবেদের বিরুদ্ধে ৩ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
অন্যদিকে, ১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আবেদের স্ত্রী শিল্পীর বিরুদ্ধে মামলা করা হয়। তার দুটি ব্যাংক হিসাবে ১ কোটি ৭৮ লাখ ৭৬ হাজার ৬৩৬ টাকা জমা এবং ১ কোটি ৭৭ লাখ ৬৪ হাজার ৯৫ টাকা উত্তোলনসহ মোট ৩ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৭৩১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া আবেদের ছেলে ও ছাত্রলীগ নেতা সোহানুরের বিরুদ্ধে ৩ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। পরে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত ২০ জানুয়ারি সোহানুরকে গ্রেপ্তার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।


