ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময়সূচি ঘোষণা করা হয়েছে।
৪ জুলাই থেকে শুরু করে পাঁচ দিনব্যাপী আনুষ্ঠানিকতা শেষে ৯ জুলাই তার জন্মশহর মাশহাদে তাকে দাফন করা হবে। শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের খবরে জানা যায়, প্রকাশিত সূচি অনুযায়ী রাজধানী তেহরানে শেষ শ্রদ্ধা নিবেদনের পর ৭ জুলাই ধর্মীয় নগরী কোমে বিশেষ শোক অনুষ্ঠান করা হবে। এরপর মরদেহ মাশহাদে নেওয়া হবে, যেখানে চূড়ান্ত দাফন সম্পন্ন হবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার প্রথম দিনেই নিহত হন খামেনি। মৃত্যুর সময়ে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
ইরান সরকার জানিয়েছে, চলমান সংঘাত ও নিরাপত্তাজনিত কারণে দাফনের আনুষ্ঠানিকতা দীর্ঘায়িত করা হয়েছে।
১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্ব গ্রহণ করেন খামেনি। এর এক দশক আগে ইরানে ইসলামি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন খোমেনি। তিনি টানা ৩৬ বছর ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।


