সিরাজগঞ্জে দায়ের করা দুটি মানহানির মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা।
রোববার দুপুরে সিরাজগঞ্জ সদর ও চৌহালী আমলী আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন তিনি। দীর্ঘ শুনানির পর বিচারক সুমন কুমার কর্মকার মানহানির দুটি মামলায় তাকে জামিনের আদেশ দেন।
মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল ও আসামি পক্ষের আইনজীবী এডভোকেট আবু তালেব এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল। ওইদিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।
তবে ২১ এপ্রিল মামলার নির্ধারিত দিনে আমির হামজা আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পরে গত ২৭ এপ্রিল এই মামলায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নেন আমির হামজা। আজ তিনি সিরাজগঞ্জের আদালতে হাজির হয়ে জামিন নিলেন।
আপরদিকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোটভাই আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে মানহানির মামলা দায়ের করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ১৬ জানুয়ারি একটি ইসলামি ওয়াজ মাহফিলে আমির হামজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এরপর সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান বাদী হয়ে চলতি বছরের ২০ জানুয়ারি আমির হামজার বিরুদ্ধে আদালতে মানহানীর মামলা দায়ের করেন।


