জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেন এবং সিএনজিচালিত অটোরিকশার চালক সবুজ হত্যার পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম দুই মামলায় দাখিল করা অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থানায় করা এই দুই হত্যা মামলায় মোট ৬৪ জন আসামির বিরুদ্ধে পুলিশের দেওয়া চার্জশিট আমলে নেন আদালত। আসামিদের মধ্যে শেখ হাসিনাসহ ৪১ জন পলাতক থাকায় প্রসিকিউশন বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর হারুন অর রশীদ ও কাইয়ুম হোসেন নয়ন। পলাতক থাকায় দুই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।


