দেশে হাম পরিস্থিতির উদ্বেগজনক অবস্থা অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শরিবার (১১ এপ্রিল) পর্যন্ত ২৭ দিনে দেশে হামের উপসর্গ নিয়ে এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া রোগীর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯ জনে।
এর মধ্যে ১৪৫ জন সন্দেহজনক হামে এবং ২৪ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে শনিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে ও সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৮৮৮ জন ব্যক্তি হামে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮৫ জনে।
এ ছাড়া, বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৪৫ জন এবং রাজশাহী বিভাগে ২১২ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট ৯ হাজার ৪৬৩ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ২২ জন।
ল্যাবরেটরি পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৮০ জনের দেহে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৮৯ জনে।
সামগ্রিক পরিসংখ্যানে দেখা যায়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১ হাজার ৩৫০ জন শনাক্ত হয়েছেন এবং এই বিভাগে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১১ জন। এ ছাড়া রাজশাহী বিভাগে এ পর্যন্ত ৭৫৯ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ চালিয়ে পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নাগরিকদের সতর্ক থাকার এবং রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।


