দেশে ফেরার দিন তাকে বিদায় দিতে বিমানবন্দরে ভিড় না করতে প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার মতে, সেদিন বিমানবন্দরে ভিড় করলে হট্টগোল হবে, দেশের সুনাম নষ্ট হবে।
বুধবার লন্ডনের সিটি প্যাভিলিয়নে বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় তিনি একথা বলেন।
তারেক রহমান বলেন, ‘দলের বিপদের দিনে আপনারাই আমাদের সাহস জুগিয়েছেন। তারপরও আজ লন্ডনে যারা আছেন, সবাইকে বলছি। আগামী ২৫ ডিসেম্বর আমি দেশে ফিরে যাব। কিন্তু সবার কাছে অনুরোধ, দয়া করে কেউ বিমানবন্দরে যাবেন না।’
তার মতে, ‘বিমানবন্দরে গেলে একটি হট্টগোল হবে। সবাই জানবে যে এরা বাংলাদেশি। তাতে দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে।’
সবার উদ্দেশে তিনি বলেন, ‘যারা আমার আজকের অনুরোধ রাখবেন, ধরে নেব তারা দলের সর্বোপরি দেশের প্রতি সম্মান বজায় রাখবেন। তারপরও যারা সেখানে যাবেন। আমি ধরে নেব, তারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন।’
প্রবাসী নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি এখানে আপনাদের সঙ্গে প্রায় ১৮ বছর ছিলাম। আগামী ২৫ তারিখ আমি দেশে চলে যাচ্ছি। তাই শান্তিতে আপনাদের সঙ্গে দুটো কথা বলতে চাই।’
স্বপ্ন নয়, পরিকল্পনায় বিশ্বাসী জানিয়ে তারেক রহমান বলেন, ‘আমি স্বপ্ন টপ্নর মধ্যে নেই। আমরা আছি পরিকল্পনার মধ্যে। আমরা পরিকল্পনা করব। সেই পরিকল্পনা বাস্তবায়ন করব।’
২০০৭ সালে এক-এগারোর জরুরি অবস্থায় সময় তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ জামিনে মুক্ত হয়ে লন্ডন চলে যান তিনি।
২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন।


