বগুড়ার দুপচাঁচিয়ায় এক নারীকে শ্বাসরোধে হত্যা করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে একদল ডাকাত।
বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার তালোড়া বাজার এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।
এসময় বিমলা পোদ্দার (৬৭) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি তালোড়া এলাকার মৃত রাধে শ্যাম পোদ্দারের কন্যা।
স্থানীয়রা জানায়, রাত আড়াইটার দিকে মুখোশধারী ৫-৭ জনের একটি ডাকাত দল টিনের চাল কেটে ঘরে ঢোকে। তারা ঘরে থাকা দুই ভাই ও তিন বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে। এরপর ঘরের আলমারি, বাক্স ও আসবাবপত্র তছনছ করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নেয়।
ডাকাতির সময় বোন বিমলা পোদ্দারকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে ডাকাতরা পালিয়ে যায়।
ডাকাতির শিকার পরিবারের সদস্যরা জানান, বাড়িটিতে পাঁচ ভাইবোন একসঙ্গে বসবাস করতেন এবং তারা চাল ও ভূষির ব্যবসা করতেন। তাদের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। তারা কেউ বিবাহিত ছিলেন না এবং দুই ভাইবোন প্রতিবন্ধী।
দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিমলা পোদ্দারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত ডাকাতির ঘটনা। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


