বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। বুধবার বিকালে হাইকমিশনারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতি এবং গণতন্ত্রকে অর্থবহ করার ক্ষেত্রে জামায়াতের ভূমিকা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া, নারী অধিকার, নারীদের অর্থনৈতিক, সামাজিক এবং প্রশাসনিক ক্ষেত্রে স্বাধীন বিচরণের বিষয়ে জামায়াতের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়।
বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা, বিশেষ করে জ্বালানি ও পোশাক খাত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে ডেপুটি হাইকমিশনার ক্লিন্টন পোবকে, পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি আনা পিটারসনসহ পাঁচজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
জামায়াতের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবিকুন্নাহার মুন্নি এবং হাবিবা চৌধুরী সুইট।


