আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন শেষে আগামী ১৫ বা ১৬ তারিখ নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সোমবার উপদেষ্টা পরিষদের শেষ বৈঠকের পর টাইমস অব বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন সরকারের বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ফাওজুল কবির খান।
তিনি জানান, নির্বাচনের গেজেট প্রকাশের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হতে পারে। এ ক্ষেত্রে প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার শপথ বাক্য পড়বেন।
তবে নবনির্বাচিত সংসদ সদস্যদের কে শপথ নেওয়াবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ফাওজুল কবির খান।
২০২৪ সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন অর্থনীতিবিদ ও নোবেল পদক জয়ী মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার সময় বিভিন্ন খাতে জনমুখী সংস্কারের প্রতিশ্রুতি দিলেও তাদের প্রায় ১৯ মাসের শাসনামলে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে অভিযোগ রয়েছে। সমালোচকদের মতে, সংস্কারের ক্ষেত্রেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। এ কারণে সরকার আদৌ নির্ধারিত সময়ে ক্ষমতা ছাড়বে কি না, তা নিয়েও বিভিন্ন মহলে সন্দেহ তৈরি হয়।
নির্বাচন ও সংস্কার নিয়ে সংশয় চলাকালে ভোটের দুই দিন আগে উপদেষ্টা পরিষদের চূড়ান্ত বৈঠক হয়। এর আগে, একই দিন সকালে সব সচিবকে তলব করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে জাতীয় নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আশ্বাসও দেওয়া হয়।


