প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ পরীক্ষামূলকভাবে ১৪টি উপজেলায় এই কার্যক্রম চালু করবেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের পাইলটিং উদ্বোধন করবেন। প্রাথমিকভাবে দেশের বিভিন্ন বিভাগের ১৪টি উপজেলা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি উপজেলার একটি করে ইউনিয়নের একটি ওয়ার্ডে সর্বজনীনভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।’
নির্ধারিত দিনেই একযোগে সব উপজেলায় কার্যক্রম শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এ কার্ডের আওতায় প্রত্যেক পরিবারকে দুই হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে। পরীক্ষামূলক বাস্তবায়নের অভিজ্ঞতার ভিত্তিতে পর্যায়ক্রমে এই কর্মসূচি সারাদেশে সম্প্রসারণ করা হবে।’
‘ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক বা ধর্মীয় বৈষম্য করা হবে না। এটি একটি সর্বজনীন কার্ড হিসেবে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে’ বলেও জানান আবু জাফর মো. জাহিদ হোসেন।
এর আগে সকালে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


