যাত্রী সেবার মান উন্নয়ন করতে দেশের সব বিমানবন্দরে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, উড়োজাহাজের যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সব বিমানবন্দরে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
মঙ্গলবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০২৫–২৬ অর্থবছরের জানুয়ারি মাসের আরএডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।
একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত বিমানবন্দর ও আশপাশের এলাকায় মশানাশক ঔষধ ছিটানোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।
তিনি জানান, যাত্রীসেবার মানোন্নয়নের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রলি সংকট দ্রুত সমাধান করা জরুরি। এ জন্য দ্রুততম সময়ের মধ্যে এক হাজার নতুন ট্রলি সংগ্রহের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
এ সময় বিমানের যাত্রীরা যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন, সে উদ্দেশে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বিমান প্রতিমন্ত্রী।
পর্যালোচনা সভায় চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তারা।
সভায় আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।


