জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায় পোষ্য কোটা পুনর্বহালের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে মঙ্গলবার সকালে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
শিক্ষার্থীরা বলেন, প্রশাসন নতুন আঙ্গিকে পুরোনো কোটা ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে, যা বৈষম্যমূলক ও শিক্ষার্থীদের প্রত্যাশার পরিপন্থী। সাম্প্রতিক আন্দোলনের প্রেক্ষাপটে কোটা বাতিলের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা উপেক্ষা করে পুনরায় একই ব্যবস্থা কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, প্রশাসন যদি বুধবার সকাল ১১টার মধ্যে সিদ্ধান্ত স্থগিত না করে, তবে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় ন্যায্য দাবির প্রশ্নে শিক্ষার্থীরা আপোষ করবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) একাধিক প্রতিনিধি বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের পরামর্শ করা হয়নি বলে অভিযোগ করেন। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ও হল সংসদ সক্রিয় থাকা সত্ত্বেও এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশীজনদের মতামত নেওয়া প্রয়োজন ছিল।
এদিকে জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক জানান, আগামী ১ থেকে ৯ মার্চ পর্যন্ত প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায় ভর্তির আবেদন গ্রহণের প্রক্রিয়া নির্ধারিত রয়েছে। শিক্ষার্থীদের একটি অংশ এ বিষয়ে গণভোটের দাবিও তুলেছে, যাতে বৃহত্তর মতামতের প্রতিফলন নিশ্চিত করা যায়।


