বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত হচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘হুমায়ূন উৎসব’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই উৎসব অনুষ্ঠিত হবে আগামী ১৩ নভেম্বর, লেখকের জন্মদিনে।
এর আগে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিত দিয়েছিলেন, ‘সেলিব্রেটিং বাংলাদেশি লিজেন্ডস’ সিরিজের পরবর্তী পর্বে হুমায়ূন আহমেদকে উদযাপন করা হবে। এবার সেই পরিকল্পনাই রূপ নিচ্ছে বাস্তবে— ‘হুমায়ূন উৎসব’ হয়ে উঠবে হুমায়ূনপ্রেমীদের মিলনমেলা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির অফিশিয়াল ফেসবুক পেজে এক আহ্বানে বলা হয়েছে, “আপনি কেন মনে করেন যে হুমায়ূন আহমেদের শীর্ষ ভক্তদের একজন? দুই পৃষ্ঠায় বা সর্বোচ্চ ৫০০ শব্দে লিখে ফেলুন আপনার হুমায়ূন অনুভূতি।”
একাডেমি জানিয়েছে, নির্বাচিত লেখাগুলো প্রকাশ করা হবে ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে আয়োজিত বর্ণিল উৎসবে, যেখানে থাকবে গান, চলচ্চিত্র প্রদর্শনী, মুক্ত আলোচনা এবং লেখক–কেন্দ্রিক নানা শিল্পকর্ম প্রদর্শনী।
দেশের নানা প্রান্তের হুমায়ূন ভক্তদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে একাডেমির পক্ষ থেকে আরও বলা হয়েছে, “প্রিয় লেখক কিংবা তাঁর সৃষ্ট চরিত্র নিয়ে অনুভূতি লিখে পাঠান। নির্বাচিত লেখা উৎসবের বিশেষ আকর্ষণ হবে।”
সংস্কৃতি উপদেষ্টা ফারুকী জানিয়েছেন, “হুমায়ূন আহমেদ স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তার জীবন ও সৃষ্টিকে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করাই আমাদের উদ্দেশ্য।”


