কুষ্টিয়ার মিরপুরে এক আদম ব্যবসায়ীকে বাড়িতে না পেয়ে তার ১১ বছর বয়সী শিশুসন্তানকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে। ওই আদম ব্যবসায়ীর নাম মো. জাফর আলী।
স্থানীয় সূত্র জানায়, জাফর আলীর বিরুদ্ধে লিবিয়া হয়ে ইতালিতে লোক পাঠানোর কথা বলে বিদেশগামী ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীদের কয়েকজনের দাবি, বিদেশে পাঠানোর কথা বলে তাদের স্বজনদের জিম্মি করে অর্থ আদায়ের সঙ্গেও জাফর আলী ও তার সহযোগীদের সম্পৃক্ততা রয়েছে। এসব অর্থের মাধ্যমে কালিনাথপুরে তিনি বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন বলেও স্থানীয়দের অভিযোগ।
অভিযোগ রয়েছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পুলতাডাঙ্গা এলাকার এক ব্যক্তিকে লিবিয়ায় অবস্থানরত জাফর গ্রুপের সদস্যরা আটকে রেখে তার স্বজনদের কাছ থেকে কয়েক লাখ টাকা আদায় করেন। এই ঘটনার জেরে শনিবার সকালে ওই ব্যক্তির আত্মীয়-স্বজনরা কালিনাথপুরে জাফর আলীর বাড়িতে যান।
এ সময় বাড়িতে জাফর আলীকে না পেয়ে তার ১১ বছর বয়সী ছেলে হুসাইন আলীকে সঙ্গে করে নিয়ে যাওয়া হয় বলে স্থানীয় সূত্রের দাবি।
স্থানীয়রা আরও জানান, জাফর আলীকে খুঁজতে দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন নিয়মিত কালিনাথপুরে আসছেন। এ নিয়ে এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।
শিশুটিকে নিয়ে যাওয়ার অভিযোগের বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।
স্থানীয়দের দাবি, ঘটনাটি দ্রুত তদন্ত করে শিশুটিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে আনার পাশাপাশি জাফর আলীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোও খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।


