সামাজিক মাধ্যমে কর্মজীবী নারীদের নিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের মন্তব্যে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রীতিলতা বিগ্রেড। শনিবার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে ঘরের বাইরে নারীদের কাজকে ‘পতিতাবৃত্তির’ সঙ্গে তুলনা করা হয়। তবে পরে জামায়াত সংবাদ সম্মেলনে জানায়, দলের আমিরের এক্স হ্যান্ডেলটি হ্যাকিংয়ের শিকার হয়েছে।
তবুও তার পোস্টটি ছড়িয়ে পড়ায় সামাজিকভাবে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে জানিয়েছে প্রীতিলতা ব্রিগেড। কর্মজীবী নারীদের নিয়ে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতার হীন মন্তব্য অত্যন্ত আপত্তিকর এবং দল হিসেবে জামায়াতে ইসলামীর মনোভাবেরই প্রতিফলন বলে দাবি করেছে তারা।
প্রীতিলতা ব্রিগেডের সমন্বয়ক সাদিয়া ইমরোজ ইলা এক বিবৃতিতে নারীদের নিয়ে মানহানিকর ও আপত্তিকর মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকই নারী। এ দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন নারীরা। বাংলাদেশের গার্মেন্ট সেক্টরসহ বিভিন্ন সেক্টরে লক্ষ লক্ষ নারী কর্মরত আছেন। গতকাল নারীদের নিয়ে জামায়াতে ইসলামীর আমিরের মন্তব্য শুধু আপত্তিকর বা অপমানজনকই নয়, এটি ভবিষ্যতে কর্মজীবী নারীদের হেনস্তার ক্ষেত্র তৈরি করবে।’
প্রীতিলতা ব্রিগেড মনে করে জামায়াতে ইসলামীর আমিরের মন্তব্য কোন বিছিন্ন মন্তব্য নয়, বরং এটি দল হিসেবে জামায়াতে ইসলামীরই মনোভাবের বহিঃপ্রকাশ। কিছুদিন আগেও জামায়াতে ইসলামীর এক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে এমন বিরূপ মন্তব্য করেছিলেন বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘জামায়াতের এই ধরনের মন্তব্য তাদের দীর্ঘদিনের লালিত চেতনারই ফল, যে চেতনায় তারা ও পাকিস্তানি হানাদার বাহিনী মিলিতভাবে মহান মুক্তিযুদ্ধে দুই লক্ষাধিক নারীর সম্ভ্রমহানি করেছিল। অবিলম্বে জামায়াতে ইসলামীর আমিরকে তার করা মন্তব্যের জন্য জনসম্মুখে ক্ষমাপ্রার্থনার আহ্বান জানাই। একইসাথে জামায়াতে ইসলামীর এই হীন রাজনীতিকে বয়কটের আহ্বান জানাই।’


