রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার অভিযোগে হত্যাচেষ্টা মামলায় কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স অভির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেয়। আদালত সূত্রে জানা যায়, হিরো আলমের ওপর হামলা সংক্রান্ত মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক গোলাম কিবরিয়া খান আসামি ম্যাক্স অভির কারাগারে থাকার আবেদন করেন।
এদিকে, আসামিপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মঙ্গলবার রাত ১২টা ২০ মিনিটে খিলক্ষেত থানাধীন ডুমনী বাজার এলাকা থেকে ম্যাক্স অভিকে গ্রেপ্তার করা হয়।
গত ৫ অক্টোবর হিরো আলম নিজে বাড্ডা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলায় বলা হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে বাড্ডা থানার আফতাবনগর এলাকায় মেইন রোড দিয়ে হেঁটে যাওয়ার সময় ম্যাক্স অভিসহ অন্যান্য আসামিরা তিনটি মোটরসাইকেলে এসে তার পথরোধ করে। তারা জোর করে হিরো আলমকে পাশের কাশবনে নিয়ে যায় এবং ম্যাক্স অভির হাতে থাকা কাঠের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। এ ছাড়া, অন্যান্য আসামিরা লাঠিসোঁটা দিয়ে হিরো আলমকে মারধর করে। হামলাকারীরা হিরো আলমের হাতে থাকা মোবাইল ফোনটি ভেঙে ফেলে।
এ ঘটনায় তদন্ত চলছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


