ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে গুলশানের বাসা ‘ফিরোজা‘য় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার রাত সাড়ে ১১ টাযর দিকে তিনি বাসায় ফেরেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিসক ও বিএনপি নেতা অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, ‘গত পরশু রাতে ম্যাডাম মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখান পরীক্ষাগুলোর রিপোর্ট বোর্ড পর্যালোচনা করেছে। এখন বোর্ডের পরামর্শেই তিনি বাসায় ফিরলেন।’
খালেদা জিয়া ভালো আছেন বলেও জানান এই চিকিৎসক।
এর আগে গত বৃহস্পতিবার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড দীর্ঘ দিন ধরেই তার চিকিৎসা করছে।
৭৯ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।


