চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে মহানগরের ১৫ জন ও দুই উপজেলার দুইজন।
রোববার চট্টগ্রামের সিভিল সার্জন ড. জাহাঙ্গীর আলমের সই করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, আগের দিন শনিবার ২৮ জনকে হামের উপসর্গে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সবশেষ তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত হামে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৯৩ জন এবং উপজেলা পর্যায়ে দুইজন রোগী রয়েছে।
চট্টগ্রাম জেলায় এখন পর্যন্ত ১৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে আটজন মহানগরের এবং ছয়জন উপজেলার বাসিন্দা।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে মহানগরের ১৫ জন এবং উপজেলার পাঁচজন রয়েছেন।
এদিকে চিকিৎসা শেষে ১১ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
হাম সন্দেহে ভর্তি থাকা এক শিশুর মৃত্যু হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। মৃত শিশুটির স্থায়ী ঠিকানা কক্সবাজার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


