লিবিয়ায় আটকে পড়া ১৭৫ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
ফেরত আসাদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যেতে মানব পাচারকারীদের ফাঁদে পড়ে লিবিয়ায় অনুপ্রবেশ করেছিল। অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, ‘লিবিয়ায় আটকে পড়া ১৭৫ জনকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও আইওএম এর সহায়তায় দেশে ফেরত আনা সম্ভব হয়েছে। বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের “প্রবাসী কল্যাণ ডেস্ক” এর ব্যবস্থাপনায় আইএমও এর মাধ্যমে প্রত্যেককে যাতায়াত খরচ বাবদ ৬ হাজার টাকা ও খাবার প্রদান করা হয়।’
পোস্টে তিনি লিখেছেন, ‘টাকার চেয়ে জীবনের মূল্য বেশী, বেঁচে থাকলে অনেকেভাবে অর্থ উপার্জন করতে পারবেন।
দয়া করে অবৈধ পথে অনিশ্চিত গন্তব্যে বিদেশ যাত্রা করবেন না।’


