চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাকচাপায় ইশফা আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার জালিয়াঘাটা মুন্সীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইশফা উপজেলার সরল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাফেজ আমান উল্লাহর মেয়ে।
জানা যায়, ইফতারসামগ্রী কিনতে ইশফার বাবা জালিয়াঘাটা মুন্সীহাট বাজারে একটি দোকানে যান। এ সময় বাবার পেছনে দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে দ্রুতগতির বালুভর্তি একটি ডাম্প ট্রাক তাকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, মুন্সীহাট এলাকায় রাস্তা পারাপারের সময় বালুবাহী ট্রাকের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


