গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২৪৩ শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫১৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯১ শিশু।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ১ হাজার ১৬৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে অসুস্থ হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ৮৭৬ জনে।
এদিকে, শেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ২৪৩ জন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৯ হাজার ৫০৩ জনের শরীরে ল্যাব টেস্টের মাধ্যমে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬২ হাজার ২৮৭ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৮ হাজার ১৫৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, শেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকা বিভাগে মারা গেছে চারজন, আর বাকি একজন সিলেট বিভাগের।


