রাজধানীতে পৃথকস্থানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারী পোশাক শ্রমিকসহ ৪ জন আহত হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে একটি অটোরিকশা, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
রোববার ভোর সাড়ে ৬টার দিকে পূর্ব রামপুরা জামতলা কমিশনার গলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সেনেটারী মিস্ত্রী আমিনুল ইসলাম (২৮), রাজন (২২), আশরাফুল ইসলাম (৩০) আহত হন।
আহত আমিনুলের ভাই মো. রিফাত জানান, ভোর সাড়ে ৬টার দিকে রিকশাযোগে আমিনুলসহ আরও তিনজন নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার পথে রামপুরা জামতলায় সাত থেকে ৮ জন ছিনতাইকারী ধারালো অস্ত্র দেখিয়ে তাদের রিকশার গতিরোধ করে।
এ সময় ছিনতাইকারীরা তাদের ছুরিকাঘাত করে প্রায় ২০ হাজার টাকা, তিনটি মোবাইলসহ রিকশাটিও ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
এদিকে একই দিন সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর জুরাইনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জান্নাত আক্তার (১৮) নামে আরও একজন আহত হন।
ভুক্তভোগী জানান, তার বাসা জুরাইন আলম মার্কেট এলাকায়। সেখানেই একটি সোয়েটার কারখানায় তিনি কাজ করেন। সকালে বাসা থেকে হেঁটে কর্মক্ষেত্রে যাওয়ার পথে এক যুবক তার পথরোধ করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার গলায় ও পেটে আঘাত করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তখন তার চিৎকারে পথচারীরা এগিয়ে এসে ছিনতাইকারীকে মারধর শুরু করে এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। জুরাইনের ঘটনায় আটক যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


