একটা সময় ছিল শাকিব খান নির্দিষ্ট নায়িকার বাইরে সিনেমা করতে চাইতেন না। শাবনূর, পপি, সাহারা, অপু বিশ্বাস, বুবলি—দেশীয় নায়িকাদের সঙ্গে কোনো সিনেমা হিট হলে তাদের সঙ্গে জুটি গড়ে তুলতেন। এদের সবার সঙ্গেই একাধিক সিনেমাতে অভিনয় করেছেন। তবে হাল আমলে তিনি এ জুটি প্রথা থেকে বেরিয়েছেন এসেছেন। তিনি প্রায় প্রতি সিনেমাতেই নতুন নায়িকা নিচ্ছেন। দেশের টেলিভিশন ইন্ডাস্ট্রির মেহজাবীন ব্যতীত মোটামুটি সকল শীর্ষ নায়িকার সঙ্গে তার কাজ হয়েছে। তিনি এবার ঝুঁকছেন বিদেশি নায়িকাদের প্রতি।
তার আগামী বছরের ঈদুল ফিতরের সিনেমার জন্য ভারত কিংবা পাকিস্তানের কোনো নায়িকার সঙ্গে কাজ করতে চাইছেন—এমন খবর টাইমস অব বাংলাদেশ গেল আগস্টে দিয়েছিল।
টাইমসের প্রতিবেদনে তখন বলা হয়েছে, আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স: ওয়ান্স আপন টাইম ইন ঢাকা’ সিনেমার প্রযোজক শিরিন সুলতানা বেশ কিছু পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন। সাবা কামার, মায়া আলী, মাহিরা খান, হানিয়া আমিরসহ বেশ কিছু নায়িকা পাকিস্তানি নায়িকা এ তালিকায় রয়েছেন। যদিও সিনেমাটির জন্য শুরুতে কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় নায়িকা মধুমিতা সরকারের নাম শোনা গিয়েছিল। এমনকি বলিউডের নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার কথাও বাজারে ছড়িয়েছিল। কিন্তু কিছু ‘বিশেষ কারণে’ নাকি তার দৃষ্টি পাকিস্তানের দিকে দিয়েছেন।
সম্প্রতি ইউটিউবার রাফসান দ্য ছোট ভাইয়ের এক ভিডিওতে শাকিব জানিয়েছেন পাকিস্তানের নায়িকা হানিয়া আমিরের সঙ্গে তার একটি সিনেমা নিয়ে আলাপ চলছে। তবে কী সে সিনেমা, পরিচালক তার কিছুই শাকিব বলেনি।
এ ব্যাপারে টাইমসের অনুসন্ধানে জানা গেছে, শাকিব প্রিন্সের নায়িকা হিসেবেই হানিয়া আমিরকে চেয়েছিলেন। হানিয়া সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। তখন শাকিবের সঙ্গে তার মিটিং হয়েছে। তিনি শাকিবের সঙ্গে কাজ করার ব্যাপারে বেশ আগ্রহ দেখিয়েছেন বলে জানা গেছে। তবে হানিয়া আমিরের সঙ্গে এখনও চূড়ান্ত চুক্তি হয়নি। তাই আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হচ্ছে না।
তবে প্রিন্সের প্রযোজক শিরিন সুলতানা টাইমস অব বাংলাদেশকে বলেছেন, ‘আমাদের সিনেমার বড় একটা অংশের শুটিং হবে ভারতে। তাই চাইলেও পাকিস্তানি শিল্পীকে নিয়ে আমরা কাজ করতে পারছি না। ভবিষ্যতে হয়তো অন্য কোনো প্রজেক্টে পাকিস্তানি শিল্পীর দেখা যাবে।’
তবে শাকিবের ঘনিষ্ঠ কয়েকটি সূত্র জানিয়েছে, তিনি হানিয়া আমিরকে তার পরবর্তী যে কোনো সিনেমার জন্য চাইছেন। এক্ষেত্রে আগামী বছরের ঈদুল ফিতর বা আযহার যে কোনো সিনেমায় তাকে দেখা যাবে। খুব শিগগিরই এ সম্পর্কিত আনুষ্ঠানিক ঘোষণা আসবে।


