সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) চালুর লক্ষ্যে পুরো দমে কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি বলেন, তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনার দায়িত্ব জাপানের একটি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের লক্ষ্যে চলমান আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের শুরুতে এ বিষয়ে চুক্তি সই হতে পারে।
সোমবার দুপুরে রাজধানীতে আয়োজিত সিভিল অ্যাভিয়েশন ও এয়ার ট্রাফিক অপারেশন বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেবিচক চেয়ারম্যান জানান, বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে চলতি বছরের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য একটি আধুনিক অ্যান্টি-ড্রোন সিস্টেম কেনা হবে। তিনি বিমানবন্দরের নিরাপত্তার স্বার্থে গণমাধ্যমকর্মীদের অনুমতি ছাড়া বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোরও অনুরোধ জানান।
তিনি আরও বলেন, দেশের আকাশসীমা ব্যবস্থাপনায় আধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ব্যবস্থা চালুর ফলে বাংলাদেশের সমুদ্রসীমার ওপর দিয়ে চলাচলকারী বিদেশি উড়োজাহাজ থেকে ফ্লাইট চার্জ আদায় বাড়বে। এর মাধ্যমে প্রতিবছর প্রায় আট শতাংশ রাজস্ব বাড়ার সম্ভাবনা রয়েছে।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।


