রাজধানীর শাহবাগ এলাকার সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার পাঁচজনের মধ্যে চারজনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড এবং একজনকে অর্থদণ্ড দিয়েছেন আদালত।
শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহবাগ থানার সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচজনকে আটক করা হয়। তারা হলেন— মো. ইব্রাহিম (৩২), মো. শাখাওয়াত হোসেন নিয়ন (২৯), মো. আল আমিন (৪২), মো. নয়ন (১৯) এবং মো. রেজোয়ান শেখ (৫০)।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, পেপারের কাগজে মোড়ানো ৯ পুরিয়া গাঁজা, একটি কাঁচি, ১০ টুকরা ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, পাঁচটি বোতলের কর্ক এবং তিনটি সিগারেট উদ্ধার করা হয়। পরে তাদের রমনা বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম শেষে চারজনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড এবং একজনকে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ডিএমপি জানায়, রাজধানীতে চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং ও রাস্তায় অবৈধ দখলের মতো অপরাধের বিরুদ্ধে নিয়মিতভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে তাৎক্ষণিক বিচার করা হচ্ছে। এর ফলে ভুক্তভোগীরা দ্রুত বিচারিক সেবা পাচ্ছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর বলেও জানানো হয়।


