সংসদ সদস্যদের সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও পর্দা দেওয়ার দাবি ঘিরে জাতীয় সংসদে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। জামায়াতের এক এমপির উত্থাপিত দাবিকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ব্যক্তিগতভাবে মাইক্রোওভেন দেওয়ার প্রস্তাব দিলে তার কড়া প্রতিক্রিয়া জানান বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির মো. শফিকুর রহমান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি নিয়ে আর বিতর্ক না বাড়ানোর আহ্বান জানান।
বৃহস্পতিবার বেলা ৩টায় অধিবেশন শুরু হলে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে পার্থ বলেন, বহু ত্যাগের বিনিময়ে সংসদীয় গণতন্ত্র ফিরে এসেছে। তাই সংসদ সদস্যদের উচিত জনগণের সমস্যা ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা।
তিনি বলেন, একজন সংসদ সদস্য যখন সংসদে দাঁড়িয়ে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও পর্দার দাবি তোলেন, তখন তা সংসদের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে।
পার্থ বলেন, ‘আমরা শুধু সংসদ সদস্য নই, আমরা সংসদের প্রতিনিধিও। জনগণের দাবি তুলে ধরার জায়গায় যদি ব্যক্তিগত সুবিধার বিষয়গুলো সামনে আসে, তাহলে তা ভালো বার্তা দেয় না।’
এ সময় তিনি রসিকতার সুরে সংশ্লিষ্ট এমপিকে ব্যক্তিগতভাবে একটি মাইক্রোওভেন দেওয়ার প্রস্তাব দেন। পাশাপাশি প্রধানমন্ত্রীকে ওয়াশিং মেশিন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পর্দার ব্যবস্থা করার অনুরোধ জানান। তবে তার এই মন্তব্যই পরে সংসদে বিতর্কের জন্ম দেয়।
এর প্রতিবাদ জানিয়ে বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্য নিজের জন্য কিছু চাননি; সংসদ সদস্যদের সরকারি আবাসনে বসবাসকারীদের জন্য একটি সাধারণ সুবিধার বিষয় তুলে ধরেছেন। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘মাইক্রোওভেন উনার (পার্থ) কাছে কে চেয়েছে যে, তিনি দেওয়ার অফার করলেন?’
শফিকুর রহমান আরও বলেন, সংসদে বক্তব্য দেওয়ার সময় একে অপরের সম্মানের প্রতি সংবেদনশীল থাকা উচিত। কোনো সদস্যকে ব্যক্তিগতভাবে বিব্রত করে এমন মন্তব্য করা সংসদীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
পরিস্থিতি শান্ত করতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বিষয়টি নিয়ে রুলিং দেন। তিনি বলেন, বাজেট আলোচনায় বিভিন্ন বিষয় উত্থাপন করা যায় এবং সংশ্লিষ্ট সদস্য যে দাবি তুলেছেন তা কোনো গুরুতর অপরাধ নয়। তবে এমন বিষয় সংসদের পরিবর্তে হাউস কমিটির মাধ্যমে উত্থাপন করা হলে ভালো হতো।
স্পিকার বলেন, ‘তিনি নিজের জন্য কিছু চাননি, সংসদের সরকারি আবাসনে বসবাসরত সব সদস্যের জন্য বলেছেন। বিষয়টি নিয়ে অতিরিক্ত বিতর্ক করলে বাইরে ভুল বার্তা যাবে।’
তিনি আরও বলেন, সংসদ সদস্যদের আবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধা দেখভালের জন্য হাউস কমিটি রয়েছে। এ ধরনের দাবি সেখানে উত্থাপন করলে সমাধানের সুযোগ থাকে। ভবিষ্যতে সংসদ সদস্যদের আরও সতর্কতার সঙ্গে বক্তব্য দেওয়ারও আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, বুধবার বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতের এমপি মিজানুর রহমান সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন এবং দরজা-জানালায় পর্দা দেওয়ার দাবি জানিয়েছিলেন।


